
হাট ফেরতা পথে সেদিন এক পাগলে কয়,
শুনে যা ঐ “কাপুড়ে বাবু” যদি সময় হয়!
আমি বলি কওনা বাপু আমার সময় মেলা,
বাড়ি গিয়ে খেলব শুধু ৩ গুটির এক খেলা।
পাগল বলে দে’না তবে আমার সওয়াল জবাব,
যে দেশেতে এত্ত গাড়ি সে দেশে কার অভাব?
যেথায় মানুষ হাসতে হাসতে আরেক মানুষ মারে,
শিক্ষা দীক্ষা কোথায় হেথা বলনা তুই আমারে?
রাজার নীতির “ছুঁচোর কেত্তন” শুনি বছর ভর,
স্বার্থে লাগলে কোন প্রজারা ভুলে আপন -পর?
লেজ হারালেও শিয়াল পন্ডিত যপে “মামার জয়”,
বলে যা আজ কোন সুখের দেশ নিত্য এমন হয়?
সত্য কোথায় বলতে মানা আটকে রাখিস চোয়াল,
কোন সে প্রাসাদ মনেহয় তোর “হরি ঘোষের গোয়াল”?
কোথায় প্রচুর “শরত শিশির” মিলে অবিরত,
ভেংচি কাটার মত কারা হাসে লুকায়ে ক্ষত?
ছোট বড় সবাই কোথায় বুলায় মাথায় হাত,
মানুষ নিয়ে বাণিজ্য কোথায় চলে বল দিন-রাত?
কোথায় সহজ “পুকুরচুরি” সহজ “হরিলুট”,
বিবেক বাবু নির্বাসনে কথা বলে অ-স্ফুট?
পারলে বুঝা “কাপুড়ে বাবু” বুঝাবি আজ মোরে,
না বুঝালে ছাড়বোনা আজ আমি কিন্তু তোরে!
কাঁপা গলায় শুধাই আমি শোন বাপু বলি,
এতকিছু বুঝিনা ভাই সোজা পথে চলি।
মাঝেমাঝে এসব ভেবে আমারও লাগে “খুশি”,
বৃদ্ধাঙ্গুলি মুখে পুড়ে বোবার মতই চুষি!
২৭.৫.১৯