মিল খুঁজে না পাই

বৈশাখ আসছে নাকি গেছে বুঝিনাতো কিছু,

সারা বছর ঝড় বৃষ্টি ছাড়ছেনাতো পিছু।

চৈত্রে দেখি আষাঢ়ে মেঘ ঝড়ের দাপট মহা,

ফাল্গুন মাসের অকাল বৃষ্টি যাচ্ছেনা আর সহা।

মাঘের শীতে বোঝা যায়না শীত নাকি গরম,

পৌষে একটু শীতল বায়ু নয়তো সে আর চরম।

অগ্রহায়ণ ম্যারম্যারে ভাব নবান্নের নাই আমেজ,

কার্তিক মাসের রৌদ্রে দেখি জৈষ্ঠ মাসের তেজ।

আশ্বিন মাসে দেখিনা আর মাছের ছড়াছড়ি,

ভাদ্রমাসে তাল পেকে আর খায়না গড়াগড়ি।

শ্রাবণ মাসের অঝোর বৃষ্টি অসময়েই বুঝি,

আষাঢ় মাসে ভারি বর্ষণ পাইনাতো আর খুজি।

জৈষ্ঠ মাসের ফলের বাহার হাট বাজারে নাই,

ছয়ঋতুর বৈশিষ্ট্যের আর মিল খুঁজে না পাই।

১৩.৪.১৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top