ঠগবাজ

পাট গেছে ধানও যায় সোনা ফলা দেশে,

সবকিছু মেনে নাও দাঁতকেলে হেসে।

গোঁফে কাঁঠাল গাছে তেল ধরে দেদারছে,

তেল মেখে এই দেশে কে কবে হারছে!

শান্তির বাণী ঝুলে নিরাপদ রাস্তায়,

দিনটাই শুরু হয় শুনে লাশ বস্তায়!

ছেলেবুড়ো হয়ে গেছে যেন “একটু দুষ্ট”,

নাবালিকার মাংসেও হয় পরিপুষ্ট।

বড় স্যার খুঁজেফিরে মোটা টাকার বড় চাক,

বেকারেরা চেয়ে দেখে সবকিছু নির্বাক।

ব্যবসায়ীর ব্যবসা ফুঁলে ফেঁপে কলাগাছ,

আম জনতা দেখে শুধু নানা রকম সার্কাস।

কেউ বলে কানাডা কেউ বলে জার্মানি,

আমরাই হয়ে গেছি তারা গেছে হারমানি।

ঢাকা নাকি খুলে গিয়ে লসএ্যাঞ্জেল হয়েছে,

একথাও ইতিহাসের পাতায় লেখা রয়েছে।

অভিনয় দেখে দেখে মন ভরে ঘেন্নায়,

চিকিৎসা দেশে নাই -আছে মাদ্রাজ চেন্নায়।

কালোটাকা সাদাটাকা কোনকিছু দেখিনা,

ধারা মানা ছাড়া আর কোনকিছু লেখিনা।

উচুগলায় নিচুগলায় বলে বেড়াই বহুকাজ

দিনে দিনে হয়ে গেছি আজ সব ঠগবাজ।

১৭.৫.১৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top